মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের ওপর আসামীপক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আগামীকাল (বুধবার) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ মুলতবি ঘোষণা করেন। আগামীকাল (বুধবার) রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব এ আলম।
আপিলের প্রস্তুতি হিসেবে গত শনিবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেছিলেন তার তিন আইনজীবী।
২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে মর্মে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।







