কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ফয়সাল (২১), পলাশ (২৫), রানা (১৯), শান্ত (১৯) ও শিহাব (১৭)।
বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নারায়নগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ১ জুন রাজধানীর গোলাপবাগে দুই পক্ষের মারামারির ঘটনায় আহত হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার দু’দিন পর মারা যায় মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। এঘটনায় পরিবারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউপির মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধাদের হামলার শিকার হন তিনি। পরে একাধিকবার ওই মুক্তিযোদ্ধাকে হুমকিও দেয়া হয়।
জাহাঙ্গীর আলম থাকতেন ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে ৫৯/৩ নম্বর বাড়িতে। ঘটনার দিন ভোর সাড়ে চারটার দিকে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে যাওয়ার জন্য রিকশায় করে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি।পথে ধলপুরের ব্রাহ্মণ-কিরণ এলাকায় পৌঁছলে রিকশা থামিয়ে চার থেকে পাঁচজন সন্ত্রাসী ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর আলমের ঘাড়, বুক ও হাতে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
যাওয়ার সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা একটি ব্রিফকেস ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্রিফকেসের মধ্যে আসল ও নকল মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল। সন্ত্রাসীরা তার পকেট থেকে কোনও টাকা পয়সা ও মোবাইল ফোন নেয়নি।










