আদালতের আদেশ থাকার পরেও ১৩ মুক্তিযোদ্ধাকে নিয়মিত বেতন-ভাতা না দেয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স কাউন্সিলের পরিচালক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) ও যুগ্ম সচিব (অর্থ) কে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
২০১৭ সালের ২১ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চাঁপাইনবাবগঞ্জের মোশারফ হোসাইন, নওগাঁর সরোয়ার হোসেনসহ ১৩ মুক্তিযোদ্ধাকে তাদের প্রাপ্য অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট।







