বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর যোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এদেশে এসে আমাদের সম্মানিত করেছেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সন্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন বন্ধুপ্রতিম দেশের সেনা সদস্যরা। তারা শুধু বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনেও সহযোগিতার হাত বাড়িয়েছিলো।
তাদের এই ত্যাগ ও অবদানকে স্মরণ করে গণভবনের সবুজ লনে ভারতের ২৮ জন বীর যোদ্ধা এবং রাশিয়ার ৪ যোদ্ধাকে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অতিথিদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে কথা বলেন।
স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বীর যোদ্ধাদের স্ত্রী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







