মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন অাফরোজ। তিনি বলেন: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের লড়াই আজীবন চলবে। যারা এই লড়াইয়ে বিরোধীতা করবে তাদের ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের পুরনো ভবনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে যোগ দেন তুরিন আফরোজ।
তিনি বলেন: মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই। ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার পরে আপনার অবস্থান হয় বাংলাদেশের পক্ষে না হয় পাকিস্তানের পক্ষে। এখানে সুশীল থাকার কোন সুযোগ নেই।
বিএনপির সাথে জামাতের অাঁতাত ও মুক্তিযুদ্ধকালীন সময়ে জিয়া পরিবারের সাথে পাকিস্তানীদের ঘনিষ্টতার বিষয়ে ইঙ্গিত করে তিনি এর তীব্র নিন্দা জানান।
তুরিন অাফরোজ বলেন: মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে যদি সম্মান করতে হয় তাহলে আমাদের আজীবন লড়াই করতে হবে। প্রধানমন্ত্রীর লড়াইকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন।
জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবন্যর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি।







