তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে রংপুর টাউন হলে মঞ্চস্থ হলো কনসেনট্রেশন ক্যাম্প ১৯৭১। রংপুর শিল্পকলা একাডেমির এ আয়োজনের প্রশংসা করেছেন দর্শকরা।
‘শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ শ্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযুদ্ধের সময় টাউন হলে পাকিস্তানী বাহিনী কনসেনট্রেশন ক্যাম্প স্থাপন করে বাঙালির উপর যে নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়ে ছিল, তা নিয়েই পরিবেশ থিয়েটার- ‘রংপুর টাউন হল কনসেনট্রেশন ক্যাম্প ১৯৭১’।
আরিফ হায়দারের রচনা এবং নির্দেশনায় নাটকটির সমন্বয়ক ছিলেন রাজ্জাক মুরাদ।
অনুষ্ঠান নিয়ে নাট্য অভিনেতা ও নির্মাতা শহিদুল আলম সাচ্চু বলেন, পরিবেশ থিয়েটারের মাধ্যমে এই আয়োজনটি প্রশংসার দাবিদার। এটি অতীতকে বর্তমানের সামনে দাঁড় করানো এই পদ্ধতিটি ইতিহাস শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ৭১ সালে সারা বাংলাদেশটাই একটা বদ্ধভূমি ছিলো। এই বদ্ধভূমিতে যদি আমরা ‘পরিবেশ থিয়েটার’ করতে পারি তাহলে এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো ভালোভাবে উপস্থাপন করা যাবে।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ছোট ছোট প্রচেষ্টার মােধ্যমে সবার সহযোগিতায় মানুষের সামনে তুলে ধরতে হবে। আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ সর্ম্পকে ভালভাবে জানতে পারে।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন শিল্পী, কলাকুশলী ও দর্শকরা।






