মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৫ জুলাই। এ বিষয়ে চেম্বার জজ আদালতে মঙ্গলবার দুপুরে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যুদ্ধাপরাধী মীর কাসেমের মামলায় আসামীপক্ষ থেকে যে রিভিউ আবেদন দায়ের করা হয়েছে সেটার শুনানীর জন্য আমরা আজ দরখাস্ত করেছিলাম। আমাদের দরখাস্তের প্রেক্ষিতে চেম্বার জজ আদালত আগামী ২৫ জুলাই রিভিউ পিটিশনের শুনানীর দিন ধার্য করেছেন। সেদিনই এটি ফুলকোর্টে শুনানীর জন্য যাবে বলে আশা করছি।
গত ৬ জুন মীর কাসেমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ৭ জুন এ জামায়াত নেতাকে সেই রায় পড়ে শোনানো হয়। এরপর ১৯ জুন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী।
আবেদন করার পরদিন মীর কাসেমকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। ওইদিন দুপুর ১২টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।







