চলমান রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান না হতেই এর মধ্যে বাংলাদেশের আকাশ সীমানায় কয়েকবার মিয়ানমারের হেলিকপ্টার ঢুকে পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত কয়েকদিনে মোট তিন বার মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে।
আগস্টের ২৭ এবং ২৮ তারিখে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশে অনুপ্রবেশ করার পর শুক্রবার সকালে উখিয়ার কাছে দেশটির কয়েকটি হেলিকপ্টার ৩ দফা বাংলাদেশ আকাশসীমায় অনুপ্রবেশ করে। এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ঢাকা।
প্রতিবাদপত্রে বলা হয়, এভাবে আকাশসীমা লঙ্ঘন করা প্রতিবেশীসুলভ আচরণ নয় এবং এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
বিষয়টি নজরে আসার পর এর প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে ‘ডিপ্লোমেটিক নোট’ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়ছে।
সীমান্ত খুলে না দিলেও গত এক সপ্তাহে বাংলাদেশে ৩৮ হাজারের মতো রোহিঙ্গা ঢুকে পড়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে রাখাইন রাজ্যে পরিস্থিতি শান্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। গত ২৬ অাগস্ট বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলিও ছুড়েছিল মিয়ানমারের সীমান্ত রক্ষীরা।







