রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক নয়; মিয়ানমারের সাথে আলোচনায় বাংলাদেশ জাতিসংঘের সম্পৃক্ততা চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
এসময় ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার নমনীয় হয়েছে উল্লেখ করে বলেন, মিয়ানমারের পক্ষে দীর্ঘদিন চাপ হজম করার কঠিন হয়ে পড়বে এবং রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে। সূচির সাম্প্রতিক বক্তব্যেও নমনীয়তা লক্ষ্য করা গেছে।
সূচির অবস্থা বর্তমানে জলে কুমির, ডাঙ্গায় বাঘ- অবস্থা হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, একমাত্র আন্তর্জাতিক চাপই পারে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য করাতে।
রোহিঙ্গাদের জন্য কিছুটা অসুবিধা হলেও স্থানীয় অধিবাসীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার একদিকে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা প্রদান করছে, অন্যদিকে কূটনীতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।







