বহু নাটকীয়তায় পূর্ণ হল এবারের বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’-এর আসর। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেল শুক্রবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট মাথায় পরেছিলেন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু সেরা নির্বাচন নিয়ে বিচারকদের অভিযোগ আর প্রতিযোগিতায় প্রধান শর্ত ভঙ্গের কারণে বেশ জলঘোলা হল আসরটির।
গুঞ্জন শোনা যাচ্ছে বিজয়ীর মুকুটটিও হারাতে যাচ্ছেন এভ্রিল। তবে এসব নিয়ে সুরাহা আসছে বুধবার। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ-এর চেয়ারম্যান স্বপন চৌধুরী।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় জান্নাতুল নাঈম এভ্রিল বিজয়ী হওয়ার পর পরেই শোবিজ অঙ্গনে বয়ে যায় সমালোচনার ঝড়। কারণ এবারের আসরের ঘোষিত ফল নিয়ে আপত্তি জানান আসরের বিচারকরাই। এভ্রিল কোনোভাবেই বিচারকদের পছন্দে সেরার মুকুট পরেনি, এমনটাই জানিয়ে ছিলেন বিচারকরা। বরং তাদের অভিযোগ ছিলো যে, আয়োজকদের পছন্দেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন এভ্রিল।
এমন অভিযোগের পর সম্প্রতি আরো গুরুতর অভিযোগ ওঠে এভ্রিলের দিকে। বেশকিছু সংবাদ মাধ্যম জানায়, বিজয়ী এভ্রিল বিবাহিত। সোশাল সাইটে তার বিয়ের ছবিও ভাইরাল হয়। অথচ বিবাহিত প্রতিযোগি কোনোভাবেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আসরে অংশ গ্রহণ করার সুযোগ পাওয়ার কথা না। যা আসরটির সঙ্গে প্রাথমিক শর্ত পূরণেই পুরোপুরি সাংঘর্ষিক। অন্যদিকে পর পর এমন বিতর্কে কিছুটা কোনঠাসা আয়োজকরাও।
এসব বিষয় জানতে চ্যানেল আই অনলাইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে। তিনি জানান, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে সত্যিই আমরা বিব্রতকর অবস্থায় আছি। বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।
আয়োজকদের পছন্দেই এভ্রিলকে বিজয়ী করা হয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান স্বপন চৌধুরী। তবে এভ্রিল বিবাহিত এ বিষয়টি কি আগে থেকে জানতেন কিনা জানতে চাইলে তিনি জানান, মিডিয়াকে আমরা শ্রদ্ধা করি। আপাতত এ বিষয় নিয়ে বলতে চাইছি না। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর বুধবার সংবাদ সম্মেলনে সব জানিয়ে দেবো। যেসব বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোও ক্লিয়ার করবো। আমরা অবজার্ভেশন করছি।







