মিশরের বিশ্বকাপ স্বপ্নের কাণ্ডারী তিনি। কিন্তু চোটে দূরে সরে থাকতে হচ্ছিল। অবশেষে জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন মোহামেদ সালাহ। তাতে বেড়েছে বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে মিশরের প্রথম ম্যাচে তাকে পাওয়ার আশাও।
শনিবার মিশরের অনুশীলন দেখতে মাঠের বাইরে আর গ্যালারিতে উপচে পড়েছিলেন হাজারো সমর্থক। সেসময় সালাহর উপস্থিতি দর্শকদের আনন্দও বাড়িয়ে দেয় কয়েকগুণ। সালাহ অবশ্য কঠিনসব অনুশীলন পদ্ধতিতে যোগ দেননি। কেবল বল পায়ে খানিকটা কারিকুরি করেছেন।
গত ২৬মে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান সালাহ। সেই চোটের পর এই প্রথম মাঠে ফিরলেন লিভারপুল ফরোয়ার্ড। সালাহকে ঘিরে মিশরের যে শঙ্কা, বিশ্বকাপের চারদিন আগে তাতে আশার সঞ্চার হয়েছে।
১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সালাহদের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘এ’তে মিশরের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।








