ভারতের পর এবার মিশরও বন্ধ করে দিলো ফেসবুকের বিনামূল্যে ইন্টারনেট সেবা।
ফেসবুকের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে মিশরের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তবে ফেসবুকের দাবি মিশর সরকারের নজরদারি করার প্রস্তাবে সাড়া না দেয়াতেই তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না।
ফেসবুকের এমন বক্তব্য নাকচ করে মিশরের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ হানাফি বলেন, ‘ফেসবুকের ফ্রি বেসিকস এর জন্য অন্যান্য স্থানীয় কোম্পানিগুলো অসম প্রতিযোগিতায় পড়ছে, লোকসান গুনছে’।
তাই এক্ষেত্রে ভারতের মতোই মিশরেও ফেসবুকের ফ্রি বেসিকস বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।
তবে মিশরের এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ফেসবুক ও মিশরে তাদের স্থানীয় অংশীদার ইতিসালাত টেলিকম।









