মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতিমধ্যেই শেষ চার নিশ্চিত করেছেন। অপরদিকে শহীদ আফ্রিদির সিলেট সুপারস্টার্সের সুপার চার-এ জায়গা নিশ্চিত করতে হলে জয় ছাড়া বিকল্প নেই। এবারের আসরে সিলেটের টিকে থাকার লড়াইটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফ্রিদির দল।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজকের দুটি ম্যাচের মাধ্যমেই শেষ হচ্ছে লিগ পর্যায়ের খেলা।
বিআরবি কেবলস-বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌছেছে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া সিলেটের। সুপার চার-এ খেলতে হলে এই ম্যাচের জয়ের পাশাপাশি নির্ভর করতে হবে পরবর্তী ম্যাচের ফলাফলের উপর।
আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হওয়া বরিশাল বুলস এবং ঢাকা ডায়ানামাইটসের ম্যাচটির ফলাফলের উপর নির্ভর করবে সিলেটের যাত্রা। বরিশালের শেষ চার নিশ্চিত হলেও ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ঢাকার ভাগ্য এখনো নির্ধারিত হয়নি।







