আর্জেন্টিনার মূল একাদশে নিয়মিত জায়গা পান না। মাঝে মাঝে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামতে হয়। সেই মাউরো ইকার্দি ইতালিয়ান সিরি ‘আ’তে এসি মিলানের বিপক্ষে আগুনে ম্যাচে হ্যাটট্রিক করে ইন্টার মিলানকে জয় এনে দিয়েছেন।
নির্ধারিত সময়ের শেষ মিনিট পর্যন্ত দুই দল ২-২ সমতায় ছিল। ৯০ মিনিটে বিতর্কিত এক পেনাল্টি পেয়ে যায় ইন্টার মিলান। পড়ে পাওয়া পেনাল্টি থেকে দলকে জয় এনে দিতে এতটুকু ভুল করেননি ইন্টার অধিনায়ক।
ইন্টার মিলান এদিন ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায়। ইকার্দির এই এক গোলেই প্রথমার্ধে এগিয়ে ছিল দলটি। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে সায়েজের গোলে সমতায় ফেরে এসি মিলান। ইকার্দি আবার দলকে এগিয়ে দেন ৬৩ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে ৮১তম মিনিটে। হ্যানডানোভিক আত্মঘাতী গোল করে এসি মিলানকে আবার সমতায় ফিরতে সাহায্য করেন। এরপর ৯ মিনিট বাদে ইকার্দির হ্যাটট্রিক পূরণ হয়।
এমন ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার ‘সাইডবেঞ্চার’ যারপরনাই খুশি। বল নিয়ে বাসায় ফিরেছেন। মাঠ ছাড়ার আগে বলে যান, ‘জানি না আজ বল নিয়ে ঘুমাবো কি না। ম্যাচের পর আমি সাধারণত ঘুমাই না। বিশেষ এই বলটিকে আমি খুব কাছে রেখে দিব।’
এই জয়ের পর ৮ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। এসি মিলান নেমে গেছে ১০ নম্বরে।








