নাশকতার ৩ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩ মাসের স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ জামিনের আদেশ দেয়। তার আইনজীবী বলেছেন, তার মুক্তিতে আইনগত বাধা নেই।
পল্টন থানার তিন মামলাসহ নাশকতার সাতটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে পল্টন থানার তিন মামলায় হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন মির্জা ফখরুল।
আত্নসমর্পণ করতে ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেওয়া সময় শেষ হয় ২ নভেম্বর। ফখরুল মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।
৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠান।






