বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে মিরাজের ম্যাজিকের সঙ্গে ‘রিভিউ’ বিষয়টিও কম আলোচিত নয়। বোল্ড বা পরিষ্কার ক্যাচের মতো আউট ছাড়া অন্যান্য আউটের ক্ষেত্রে সামান্য দ্বিধা থাকলে দুপক্ষই এই সুবিধাটি নিচ্ছেন। গতকাল সর্বোচ্চ স্কোরার মইন আলীই (৬৮ রান) তো সাকিবের হাত থেকে বেঁচে গেছেন তিন তিনবার।
আজও ইংল্যান্ড ১৩.৫ ওভার ব্যাটিং করলেও রিভিউ নেয়া হয়েছে ৩ বার। যার দুটি সফরকারীদের পক্ষে আর শেষটি মুশফিক বাহিনীর পক্ষে, যাতে আরও একটি উইকেট যোগ হয় মিরাজের প্রাপ্তিতে।
তবে এতবার রিভিউ নেয়া আর আম্পায়ারের প্রথম সিদ্ধান্ত ‘ভুল’ প্রমাণিত হওয়াটা বিরক্তির জন্ম দিয়েছে। আম্পায়ারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেটের সংবাদ ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকিনফোর হিসেবে চট্টগ্রামের টেস্টে রিভিউ নেয়া হয়েছে ১০টি, যা এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ। এরমধ্যে ইংল্যান্ডের ইনিংসের শুরুরটি এবং শেষে নেয়া রিভিউটি গেছে বাংলাদেশের পক্ষে। দুটিতেই উইকেট পেয়েছেন অভিষেক ম্যাচেই চমক দেখানো ১৮ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ।
এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে হয়েছে মুশফিক বাহিনীকে। রিভিউগুলির মধ্যে ৮টি গেছে ইংল্যান্ডের পক্ষে আর ২ টি বাংলাদেশের। এক মঈন আলী রিভিউ নিয়েছেন ৫টি।
এছাড়াও বাংলাদেশ ইনিংসে একটি রিভিউ নিয়েছেন তামিম ইকবাল, যা তার পক্ষেই যায়। অর্ধশতক করার পরে সুযোগটি পেয়ে আরও বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন এই ওপেনার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড তার প্রথম ইনিংসে ২৯৩ রান সংগ্রহ করে। টেস্টের দ্বিতীয় দিন আজ ব্যাটিং করছে বাংলাদেশ। ৫৫ ওভার শেষে এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ স্কোরার ৭৮ রান করে আউট হন।









