বাংলাদেশের ব্যাটিং নড়বড়ে দিনে ঝড়ো শুরু এনেছে সাউথ আফ্রিকা। অসুস্থতায় প্রথম ম্যাচে খেলতে না পারা কুইন্টন ডি কক তুলেছেন দ্রুতলয়ের ফিফটি। জানেমান মালানকে নিয়ে উদ্বোধনীতে গড়েছেন ৮২ রানের জুটি। এরপর প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। খানিকপর ভয়ংকর হয়ে ওঠা ডি কককে ফিরিয়ে লড়াইয়ের আভাস দেন সাকিব আল হাসান।
ওয়ান্ডারার্সে সিরিজ বাঁচানো ম্যাচে শুরু থেকেই হাত খুলে মারতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার। তাসকিন-শরিফুলদের চার-ছক্কায় উড়িয়ে ১২ ওভারে তুলে নেন ৮২ রান। ভয়ংকর জুটি ১৩ ওভারে এসে ভাঙেন মিরাজ। আট রান পর ফিফটি করা ডিককে আফিফের ক্যাচ বানান সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬ ওভারে ৯৯ রান। সিরিজ বাঁচাতে প্রোটিয়াদের ৩৪ ওভারে তুলতে হবে আরও কেবল ৯৬ রান। হাতে আছে বাকি ৮ উইকেট। ক্রিজে কাইল ভেররেন্নেকে নিয়ে ম্যাচ শেষের চেষ্টা করছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
পিঙ্ক ডে ওয়ানডেতে ১৯৫ রানের লক্ষ্যে টাইগার বোলারদের আরামসেই খেলছিলেন দুই স্বাগতিক ওপেনার। উইকেটরক্ষক-ব্যাটার ডি কক ২৬ বলে তুলে ফেলেন ক্যারিয়ারের ২৩তম ফিফটি। সাকিবের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেয়ার আগে ৪১ বলে করেন ৬২ রান। হাঁকিয়েছেন তিনটি চার ও দুটি ছক্কা।
আগে উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। মালানকে বোল্ড করে ফেরান ২৬ রানে। ৩৭ বলে চারটি চারে সাজিয়েছিলেন নিজের ইনিংস।








