পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আটক দুইজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার ২ সন্দেহভাজনকে গ্রেফতার করে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ।
এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলায় সন্দেহভাজনদের অন্যতম ভোলা ও মনির। তারা হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ ছাড়াও হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাদেরকে সিএমপির ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে গ্রেফতারের সময় ওই দুজনের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পরে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হলেও আগেই আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কারণে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রিমান্ড আবেদন নিয়ে শুনানি হবে পরে।
গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। পরের দিন ভোরে নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর পুলিশ দাবি করে বাবুল আক্তারের জঙ্গিবিরোধী ভূমিকার কারণেই তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষাপটে সারাদেশে শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান। আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ারে নিহত হয় কমপক্ষে ৬ জঙ্গি।
খুনের ঘটনাটি চট্টগ্রামে হলেও তদন্ত ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঢাকার ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বাবুল আক্তারকে।








