মাহমুদুল হাসান জয়ের দ্রুতগতির সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় ওয়ানডেতে কিউইদের ৮ উইকেটে হারায় জুনিয়র টাইগাররা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিল যুবারা।
৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল হাসান। ৯৫ বলের ইনিংসে ছিল ১৬ টি ৪ ও একটি ছক্কা। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এটি তৃতীয় সেঞ্চুরি তার। অনূর্ধ্ব-১৯ দলে এনামুল হক বিজয়ের সাথে যৌথভাবে ৩টি সেঞ্চুরির মালিক এখন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন জয়। কিন্তু এদিন কোনো ভুল করেননি তিনি। জয়ের জন্য যখন দরকার ১ রান আর সেঞ্চুরির জন্য ৩ রান, তখন ছক্কা দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়।
প্রথম ব্যাট করে ৮ উইকেটে ২২৩ রান করে নিউজিল্যান্ড। সেঞ্চুরি করে স্বাগতিকদের একাই টানেন ফার্গুস লিলম্যান। ১৩৩ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ১১৬ রান করেন তিনি। নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানদের কেউই বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। লিলম্যান ছাড়া অপর দশ ব্যাটসম্যানের মধ্য মাত্র দুজন কুড়ির ঘর ছুঁতে পারেন।
বাংলাদেশের হয়ে তানজীম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র এক রান করে আউট হন আনিস সরকার। দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রান তুলে জয়ের রাস্তা চওড়া করেন ওপেনার তানজীদ হাসান ও মাহমুদুল হাসান জয়। ৬৫ রান করে তানজীদ আউট হওয়ার পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। মাহমুদুলের সঙ্গে ৫১ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। ১৩ ওভার এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ লিড বাংলাদেশের। সিরিজের চতুর্থ ওয়ানডে হবে আগামী ৯ অক্টোবর।








