চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩ টার দিকে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মোটরসাইকেলটির নাম্বার চট্ট মেট্রো-ল-১২-৯৮০৭। এটি বর্তমানে চট্টগ্রামের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন। এর আগে ওই ঘটনায় তিনজনের বিবরণ উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
মাহমুদা আক্তার রোববার সকালে শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সেই পুত্রের সামনেই নৃশংসভাবে দুর্বৃত্তদের হাতে খুন হন। ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মাহমুদার মৃত্যু হয়।








