মাহমুদউল্লাহ রিয়াদ রোববার রাতেই জেনেছেন তিনি ঢাকার ডাইরেক্ট সাইনিং ক্রিকেটার। দুপুরে প্লেয়ার্স ড্রাফটেও ছিলেন। তামিম ইকবালের পর ডেকে নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজাকে। তাতে পঞ্চপাণ্ডবের তিনজনই বিসিবির অধীনে থাকা ঢাকার হয়ে আসছে বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন।
মাশরাফী-তামিমকে পেয়ে বেশ খুশি মাহমুদউল্লাহ। দলটির অধিনায়ক হতে চলেছেন তিনি। টাইগারত্রয়ী আবার ফিরবেন একই ড্রেসিংরুমে। ভাবতেই লস্টালজিক বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। মাহমুদউল্লাহ অভিজ্ঞদের নিয়ে থাকছেন শিরোপার দিকে তাকিয়ে।
‘সবসময়ই বিশ্বাস ছিল আবার একসাথে খেলতে পারব। আলহামদুলিল্লাহ আবার একসাথে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের টিমে বেশি, আশা করি মাঠে যদি এটা কাজে লাগাতে পারি, আমাদের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে, বিশ্বাস করি।’
আবারও একই ড্রেসিংরুমে ফেরা প্রসঙ্গে মাহমুদউল্লাহ বললেন, ‘এটা আমরা সবসময় উপভোগ করি মাশরাফী ভাইয়ের সঙ্গে খেলা বা ওনার অধীনে খেলা। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ যেটি হল, তখনও খুব ভালো সময় আমরা কাটিয়েছি এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। আশা করি ওইরকম ভালো একটা পরিবেশ যেন এই দলেও তৈরি করতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি।’







