জাতীয় দলের অধিনায়ক হিসেবে তার সাফল্যগাঁথা মহাকাব্য লেখার মত রসদ যুগিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সেটি কম নয়। টানা তিনবার শিরোপা উঁচিয়ে ধরে অধিনায়ক হিসেবে নিজেকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক এবার খেলছেন রংপুর রাইডার্সের জার্সিতে। মাশরাফীকে পেয়ে দলটির ফ্র্যাঞ্চাইজি-কোচ-খেলোয়াড়দের গর্বের শেষ নেই।
মাশরাফী দু’বার ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। গত আসরেই কেবল শিরোপা হাতে ওঠেনি তার। রংপুর এবার শক্তিশালী দল সাজিয়েছে। আশাবাদী মাশরাফী, আশাবাদী রাইডার্স শিবিরও। দলটির আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগার অন্যতম কারণ আবার মাশরাফী।
অস্ট্রেলিয়ান কোচ টম মুডি প্রথমবার মাশরাফীর সঙ্গে কাজ করতে কতটা মুখিয়ে আছেন সে কথা জানিয়েছেন আগেই। সতীর্থ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, তার রোমাঞ্চের কথা। শনিবার রংপুরের জার্সি গায়ে প্রথমবার অনুশীলনে নেমে ইংলিশ ক্রিকেটার রবি বোপারা সবার আগে বললেন ম্যাশের কথাই, ‘মাশরাফীর মতো ক্রিকেটার পাওয়া যেকোনো দলের জন্যই সৌভাগ্যের।’
মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে মাশরাফী প্রসঙ্গে বোপারা বললেন, ‘ও এমনই এক খেলোয়াড় যে কিনা নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলে। যা যেকোনো দলের জন্যই ভালো। ওর মত একজন অধিনায়ক দলে থাকলে কেউই আলস্য নিয়ে বসে থাকতে পারবে না। সে একজন ভাল ক্রিকেটার। বোলিংয়ে ধারাবাহিকতা অসাধারণ। স্পিনারদেরও দারুণ খেলে। ওর মত ক্রিকেটার পাওয়া যেকোনো দলের জন্যই সৌভাগ্যের।’
বিপিএলে পরিচিত মুখ বোপারাও। চিটাগং কিংস, সিলেট সুপার স্টার্স, ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই অলরাউন্ডার পরিচিত জায়গায় আবারও আসতে পেরে দারুণ খুশি, ‘বাংলাদেশে আসতে পেরে খুবই ভাল লাগছে। রংপুরে পুরনো ও নতুন প্লেয়ারদের সাথে আমি খেলব। জিয়াউর রহমানের সঙ্গে এর আগে আমি ৫০ ওভারের ম্যাচ (প্রিমিয়ার লিগ) খেলেছি। দলে কিছু ইংলিশ প্লেয়ারও আছে। তাছাড়া কোচ হিসেবে টম মুডিকে পেয়েও ভাল লাগছে। ওর সাথে আমি আগেও কাজ করেছি।’
বড় বড় তারকার সমারোহে এবারের আসরে প্রতিদ্বন্দ্বীতা তুঙ্গে থাকবে বলেই মনে করছেন বোপারা, ‘বিপিএলে আগেও বড় তারকা প্লেয়াররা খেলেছে। সাঙ্গাকারা ও ব্রাভোর মতো অসংখ্য বড় তারকারা খেলেছে। আশা করছি প্রতিদ্বন্দ্বীতা ভালই হবে। বাংলাদেশের স্থানীয় প্লেয়াররাও খুবই ভাল। এখানে কোয়ালিটি স্পিনাররা আছে। ম্যাচের অনেকটাই যদিও পিচের উপর নির্ভর করে। পিচ ভাল হলে প্রতিদ্বন্দ্বীতাও জমে ওঠে। আমি প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা আশা করছি।’
শনিবার দুপুরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে রংপুর। নেটে ব্যাটিং নিয়েই বেশি মনযোগী ছিলেন মাশরাফী। বোপারা ছাড়াও আরও দুই বিদেশি যোগ দিয়েছেন অনুশীলনে। তারা, অ্যাডাম স্মিথ ও শ্যাম হেইন।










