বাংলাদেশ সফররত জিম্বাবুয়ের নারী ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে আট উইকেটের বিশাল জয় পেয়েছে জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন উইকেট লাভ করা ম্যাচ সেরা জাহানারার নৈপুণ্যে ৪৯ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।
জিম্বাবুয়ের ৬ উইকেট হারিয়ে ৬৯ রানের ছুড়ে দেয়া লক্ষ্যে দুই উইকেট হারিয়েই ৭০ রান করে বিশাল জয়ের স্বাদ পায় বাংলাদেশ নারী দল। মাশরাফি বাহিনী সম্প্রতি জিম্বাবুয়ে দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে জিম্বাবুয়ে দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে সফরকারীরা।
শেয়ার্ন মেয়ার্স ২১ এবং প্রিশিয়াস ম্যারেন ১৬ রান ছাড়া জিম্বাবুয়ের আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। জাহানারার তিন উইকেট ছাড়াও বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ এবং রুমানা আহমেদ একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে আয়েশা রহমানের ২৮ রান, শায়লা শারমিনের ২৩ রান এবং রুমানা আহমেদের ১২ রানের সুবাদে মাত্র ১১.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল। দুই উইকেটে ৭০ রান সংগ্রহ করে তারা। জিম্বাবুয়ের প্রিশিয়াস ম্যারেন এবং ক্রিস্টাবেল চেতওয়াজা ১ টি করে উইকেট লাভ করেন।
গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩৫ রানের জয় পেয়েছিলো বাংলাদেশ।







