তিন বছরে পনেরো লাখ কর্মী মালয়েশিয়া পাঠানোর টার্গেট নিয়েছে বাংলাদেশ। প্রতি কর্মীর মালয়েশিয়া যেতে খরচ হবে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা যার অধিকাংশই বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এমন বিধান রেখে মালয়েশিয়ার সঙ্গে ‘জি টু জি প্লাস’ সমঝোতা স্মারকের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আগেও জি টু জি অর্থাৎ গর্ভমেন্ট টু গর্ভনমেন্ট চুক্তির মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছিলো সরকার কিন্তু গত ক’বছরে সেই চেষ্টা সফল হয়নি। তাই এবার বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ রেখে জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী পাঠাতে সমঝোতা স্মারক করতে যাচ্ছে সরকার, যার খসড়ায় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
জি টু জি প্লাস প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে বলে মনে করছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন ২০১৬ আনা হলেও তা আরো অধিক পরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়।






