১৭ ঘণ্টার প্রতিযোগিতা ১২ ঘণ্টায় শেষ করার লক্ষ্য নিয়ে মালয়েশিয়া গিয়েছিলেন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। সে লক্ষ্যে প্রায় সফল হয়েছেন বাংলার লৌহমানব। সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ‘আয়রনম্যান’ খেতাব জিতেছেন দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দেওয়া প্রথম দৌড়বিদ।
মালয়েশিয়ার ল্যাংকাওয়েতে ১০০৮ জন প্রতিযোগীর মধ্যে ২৭৪তম হয়েছেন আরাফাত। প্রাথমিক লক্ষ্য ১২ ঘণ্টা থাকলেও তার প্রতিযোগিতা শেষ হয়েছে ১২ ঘণ্টা ৪৩ মিনিটে। আয়রনম্যান প্রতিযোগিতায় ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন শেষ করতে হয়েছে আরাফাতকে। আর সবই করতে হয়েছে এই ১২ ঘণ্টা ৪৩ মিনিটের মধ্যেই।
আয়রনম্যান এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীকে প্রথমে ৩.৮ কিমি সাঁতরাতে হয়, তারপর চালাতে হয় ১৮০ কিমি সাইকেল এবং প্রতিযোগিতা শেষ হয় একটি পূর্ণ ম্যারাথনের (৪২.২ কিমি) মধ্য দিয়ে। সবকিছু শেষ করতে হয় ১৭ ঘণ্টার মধ্যে।
পরের বার আরও বড় লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় নামবেন বলে ফেসবুক লাইভে জানিয়েছেন আরাফাত। দেশে ফিরে বাংলাদেশের মানুষদের উদ্বুদ্ধ করার কথাও জানান তিনবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া এই লৌহমানব।
৪ নভেম্বর আয়রনম্যান ইভেন্টে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আরাফাত।










