কমপক্ষে ৭০ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার পশ্চিম উপকূলে একটি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালের দিকে সেলানগর রাজ্যে সাবাক বারনামে এই ঘটনা ঘটে। এতে ১৩ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
মালয়েশিয়ার একজন মেরিটাইম কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় জেলেরা ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে।
নৌকার আরোহীরা ইন্দোনেশিয়ার অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য সূত্র বলছে, নৌকাটিতে যাত্রী সংখ্যা শতাধিকও হতে পারে।
মালয়েশিয়ান মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সির স্থানীয় প্রধান মোহাম্মদ আলিয়াস হামদান জানান, আমরা নিশ্চিত নই অভিবাসীরা মালয়েশিয়া আসার চেষ্টা করছিলো নাকি অবৈধভাবে মালয়েশিয়া ত্যাগের চেষ্টা করছিলো।
দেশটিতে বনায়ন এবং অন্যান্য শিল্পকারখানায় হাজারো ইন্দোনেশিয়ান কর্মী অবৈধভাবে কাজ করে। তারা অনেকসময় দেশে ফিরতে বিপদসঙ্কুল সমুদ্র যাত্রাকে বেছে নিতে বাধ্য হয়।
২০১৪ সালের জুন মাসে একই স্থানে ইন্দোনেশিয়ার অভিবাসদের দুটি নৌকা ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছিলো।






