চলতি মৌসুমে শেষবারের মতো ওল্ড ট্রাফোর্ডে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি রেড ডেভিলদের কয়েকজনের শেষ হোম ম্যাচও হতে পারে! এমন ম্যাচে বিদায়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার পাশাপাশি ক্লাব মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করবে সমর্থকরা।
রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটির খেলা ১৭ মিনিট বাকি থাকতে ক্ষুব্ধ সমর্থকরা স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের ব্যর্থতা এবং ট্রফিহীন থাকার দায় মালিক পক্ষ গ্লাজার পরিবারের উপর চাপাচ্ছে তারা।
ইংলিশ সংবাদমাধ্যমে খবর, গত একদশকে ক্লাবের পতন পর্যবেক্ষণ করে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে সমর্থক বাহিনী। গ্লাজার পরিবার ইউনাইটেডকে যত বছর নিয়ন্ত্রণে রেখেছে, ঠিক তত মিনিট পর স্টেডিয়াম ছাড়বেন রেড ডেভিলদের হয়ে গলা ফাটানো দর্শক দল।
আসছে মৌসুমে নতুন বস এরিক টেন হাগের অধীনে পল পগবা, জেসে লিনগার্ড, হুয়ান মাতা ও এডিসন কাভানির ওল্ড ট্রাফোর্ডে থাকার সম্ভাবনা ক্ষীণ। আসছে গ্রীষ্মকালীন দলবদলে চুক্তি শেষ হলে তা নবায়নে আগ্রহ দেখাচ্ছে না ইংলিশ ক্লাবটি। তাই এদিন শেষ হোম ম্যাচও হতে পারে ওই খেলোয়াড়দের। অন্তর্বর্তীকালীন বস রালফ র্যাঙ্গনিকেরও শেষ ওল্ড ট্রাফোর্ড ম্যাচ হতে চলেছে এটি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রতিবাদ করার আগে খেলোয়াড়দের বিদায়ী সংবর্ধনা দিতে পারে দর্শকরা। তবে রেড ডেভিলদের একাদশে বিদায়ী কাউকে নাও পেতে পারেন র্যাঙ্গনিক। ইংলিশ সংবাদ মাধ্যমের মতে, এদিন খেলোয়াড়দের জন্য দর্শক-সমর্থকদের বাজে উদাহরণ তৈরি হতে পারে।
পগবা, লিনগার্ড, হ্যারি ম্যাগুয়েররা দুয়ো শুনলেও ক্লাব সমর্থকদের ক্ষোভের প্রধান লক্ষ্য আসলে মালিক পক্ষ গ্লাজার পরিবার। সমর্থকরা মনে করছে, মালিক পক্ষের অব্যবস্থাপনা এবং ক্লাব সম্পর্কে উদাসীনতার কারণে অন্যতম সেরা ক্লাবের এমন বাজে অবস্থা।
চলতি মৌসুমে শিরোপাহীন রোনালদোদের প্রিমিয়ার লিগ টেবিলের শেষ চারে থাকাও অনিশ্চিত। আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করতে লড়তে হচ্ছে রেড ডেভিলদের।







