রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, মার্চের শুরুর দিকে বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, যেদিন থেকে নির্মাণ কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন করা হবে। সেতুর নির্মাণ কাজ হবে দুই ভাগে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে অন্যটি পশ্চিম অংশে।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশগ্রহণ করেছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এ সেতুর নির্মাণ কাজ করবে।
‘‘১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পূর্ব পাড়ে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।’’










