আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধজাহাজের নিখোঁজ সেনাদের দেহাবশেষ মিলল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএস জন এস ম্যাককেইন

সিঙ্গাপুর উপকূলের কাছে তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংঘর্ষে নিখোঁজ ১০ নাবিকের দেহাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

স্থানীয় সময় সোমবার ভোর ৫.২৪-এ (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩.২৪) সংঘর্ষটি ঘটে।

বিবিসি জানায়, লাইবেরিয়ার পতাকাযুক্ত তেলের ট্যাঙ্কার আলনিক এমসি’র সঙ্গে সংঘর্ষের পর ইউএসএস জন এস ম্যাককেইন নামের ওই যুদ্ধজাহাজটিকে সিঙ্গাপুরের চ্যাঙ্গি নৌঘাঁটিতে নিয়ে নোঙ্গর করানো হয়। সেখানে থাকা অবস্থায় ডুবুরিদের জাহাজের ভেতরে নিচের দিকে পাঠানো হলে কয়েকটি মৃতদেহ খুঁজে পায় তারা।

বিবিসি জানায়, সংঘর্ষে জন এস ম্যাককেইনের বামদিক ভেঙ্গে গর্ত হয়ে সেখান দিয়ে পানি ঢুকে পড়ে। এতে ক্রুদের থাকার জায়গাসহ জাহাজের নিচের দিকের কয়েকটা অংশ পুরোপুরি ডুবে যায়।

ক্রুদের থাকার কমপার্টমেন্টগুলো বন্ধ থাকায় পানি ঢোকার সময় ভেতর থেকে বের হতে পারেননি নৌবাহিনীর সদস্যরা।

ইউএস প্যাসিফিক ফ্লিট-এর কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট  বলেছেন, ডুবুরিরা বন্ধ থাকা কমপার্টমেন্টের ভেতর কিছু দেহাবশেষ খুঁজে পেয়েছে।

এছাড়া মালয়েশিয়ার নৌবাহিনীও একটি মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করেছে। সেটি নিখোঁজ নাবিকদের কারও কিনা সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

গত এক বছরের মধ্যে এটি মার্কিন নৌবাহিনীর চতুর্থ ও গত দু’মাসে দ্বিতীয় দুর্ঘটনা। এ দুর্ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র আপাতত এর নৌবাহিনীর সব ধরণের বাহ্যিক মাঠ পর্যায়ের কর্মকাণ্ড স্থগিত রেখেছে।

বিষয়:মার্কিন নৌবাহিনীর জাহাজ যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…