২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করার কথা প্রথমবারের মতো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
সংস্থাটির পরিচালক জেমস কোমি মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির জনগণের জন্য উন্মুক্ত শুনানিতে দেয়া বক্তব্যে এ তথ্য দেন বলে জানিয়েছে বিবিসি। এই কমিটিও ট্রাম্পের নির্বাচনী শিবির এবং রাশিয়ার সম্ভাব্য যোগাযোগের ব্যাপারে তদন্ত চালাচ্ছে।
এফবিআই পরিচালক বলেছেন, নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের লোকজনের সাথে রুশ সরকারের কোনো ব্যক্তির যোগাযোগ ছিল কিনা, এবং ট্রাম্প শিবির ও রুশ সরকারের মধ্যে কোনো সমন্বয় ছিল কিনা, সেটাও তদন্তের আওতায় থাকবে। এখানে কোনো অপরাধ ঘটেছিল কিনা, সেটাও যাচাই করা হবে বলে জানান তিনি।
কোমি বলেছেন, তদন্তটি ‘অত্যন্ত জটিল’ এবং কোনো সময়সীমা তিনি বেঁধে দিতে পারছেন না। ‘অনুসন্ধানে পাওয়া তথ্য আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাবো,’ বলেন তিনি।
এর আগে ওই বক্তব্যেই ট্রাম্পের ফোনে ওবামা সরকারের আঁড়িপাতার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ার ঘোষণা দেন জেমস কোমি। তবে ট্রাম্প বলেছেন, তার অভিযোগ সত্যি। এর সঙ্গে তিনি এ-ও দাবি করেন, নির্বাচন নিয়ে ট্রাম্প-রাশিয়া যোগসাজশেরও কোনো প্রমাণ নেই।
রাশিয়াও বরাবরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে এসেছে।








