ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক জোট ঐক্যফ্রন্টের কাছে আরও বেশি সহনশীলতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমি তাদের কাছে আরও বেশি সহনশীলতা প্রত্যাশা করি। জনগণের জন্য কাজ করতে গেলে সহনশীলতা দরকার।
বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারীত প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি’র এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: যারা নতুন করে রাজনৈতিক জোট করছে, তাদেরকে আমি স্বাগত জানাই। এতে করে গণতান্ত্রিক ভিত আরও বেশি মজবুত হবে।
তবে জোটের অনেককেই দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করছে না জনিয়ে তিনি বলেন: এখানে যারা যুক্ত হয়েছে, মানুষ এরই মধ্যে জানতে পারছে এবং শুনছে। তাদের কেউ কেউ সাধারণ মানুষকে সম্মান রেখে কথা বলতে পারছে না। তাদের ভিতর নারী বিদ্বেষী মনোভাব এর মধ্যে আমরা দেখেছি।
ঐক্যফ্রন্ট নেতাদের কাছে সহনশীলতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন: আমি আশা করি তারা আরো বেশি সহনশীল হবে, জনগণের জন্য কাজ করতে গেলে সহনশীলতা দরকার। সেটা তাদের মধ্যে নাই। আমি প্রত্যাশা করব তাদের ভেতর যেন এই সহনশীলতা আসে। আমি যেকোনো ভাবেই হোক রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করতে পিছপা হই না।
তিনি বলেন: যদি জঙ্গি, সন্ত্রাস, মাদক কিংবা কারো বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে এবং জনগণ যদি তার বিচার চায়; তার বিচার করাটাও রাষ্ট্রের কর্তব্য। এটা আমি করব এবং করে যাচ্ছি। দেশবাসী সেটা এখন দেখতে পাচ্ছে।









