মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার মো. আব্দুস সালামসহ ৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আজ এই আদেশ দেয়।
আদেশে আদালত আগামী ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্য দিয়ে এই বিচার শুরুর আদেশ দেন।
অভিযুক্ত ৯ আসামির মধ্যে মো. আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২), মো. জয়েন উদ্দিন ফারুকী (৬০), মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি (৬৭), মো. জালাল উদ্দিন (৫৯), শমসের ফকির (৬৬) ও মো. রোস্তম আলী (৭০) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আর আসামী ফজলুল হক (৫৯) সামসুল হক (৭০) এখনও পলাতক।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় তিনটি গণহত্যা, চারটি হত্যা, একটি ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও জাতিগত নির্মূলের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা হয়েছে।
গত বছরের ১৯ জুন ৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছিল। রোববার অভিযোগ গঠন করে আগামী ১১ সেপ্টেম্বর বিচার শুরুর আদেশ দেন আদালত।







