অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশাল ব্যবধানের হার মেনে নিতে পারছেন না সাবেক অধিনায়ক ও ক্রিকেটবোদ্ধা সুনীল গাভাস্কার। তবে দলের দুঃসময়ে পাশে রয়েছেন আরেক সাবেক অধিনায়ক ও ক্রিকেট খেলাটাকেই অন্য উচ্চতায় নিয়ে যাওয়া মহাতারকা শচীন টেন্ডুলকার। ভারতের গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন দুই কিংবদন্তি।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যাওয়ায় অনেকটা বিপাকেই রয়েছে ভারত। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল কিভাবে দুই ইনিংসে কেবল ১০৫ ও ১০৭ রানে অলআউট হয়, তা নিয়ে চলছে সাবেক ক্রিকেটারদের চুলচেরা বিশ্লেষণ।
ধারাভাষ্য কক্ষ থেকে স্বদেশের এমন করুণ পরিণতি দেখা গাভাস্কার কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছেন না। হারের পর তিনি খেলোয়াড়দের আরো ধৈর্যশীল হতে ও সেশন ধরে ধরে খেলার পরামর্শ দিয়েছেন।
হতাশা ব্যক্ত করে গাভাস্কার বলেছেন, ‘টেস্টে নাম্বার ওয়ান দল কিভাবে দুই ইনিংসে মাত্র ৭৫ ওভার ব্যাট করে, আর ১০৫ ও ১০৭ রানে অলআউট হয় সেটা চিন্তার বিষয়। অস্ট্রেলিয়ার স্পিনারদের কেন কোহলি-রায়নারা পড়তে পারল না, সেটাও আশ্চর্যের বিষয়।’
তবে দুঃসময়ে শচীনকে পাশেই পাচ্ছে দল। কোহলিরা ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস করছেন লিটল মাস্টার। দলের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা রেখে শচীন বলেছেন, ‘ভারত তো টেস্ট সিরিজ হারেনি। একটা টেস্ট হেরেছে কেবল। আরো বাকি আছে তিনটা টেস্ট। কোহলি বাহিনীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা ঘুরে দাঁড়াবে।’
শচীন ভারতের শক্তিমত্তার দিকেই নজর দিচ্ছেন। বলেছেন, ‘আমাদের শক্তির জায়গাটা সবারই জানা, অস্ট্রেলিয়াও এটা জানে; যখন আমরা তাদের হারাই। আমরাও জানতাম, অসিদের বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেই সহজ হবে না।’








