অবশেষে ৮ দিন পর আমরণ অনশন ভেঙেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে অনশন ভাঙেন তারা।
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড থেকে রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণের দাবিতে গত ৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা।
অনশন আর তীব্র শীতের কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তারপরও তারা অনশন চালিয়ে যেতে থাকেন। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা জানাতে প্রেসক্লাবের সামনে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মাদরাসা শিক্ষকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো একই শিক্ষাপদ্ধতি এবং সরকারি সকল নিয়ম-কানুন মেনে চললেও তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো জাতীয়করণের দাবিতে তারা রাজপথে নামেন।








