সমাজ থেকে মাদক নির্মূলে সুশীল সমাজের সহায়তা কামনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন: মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। দেশবাসী তাতে খুশি। সুশীল সমাজের প্রতি আহ্বান জানাবো সমালোচনা না করে পাশে থাকতে।
বুধবার সন্ধ্যায় অফিসার্স ক্লাব মিলনায়তনে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা’র ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন: মাদক জাতির জন্য বিষফোঁড়া। মাদক তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার। মাদকের চলমান আভিযানে জনগণের মাঝে স্বস্তি দেখা গেছে।
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন: মাদকের ভয়াবহতা থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করার জন্য সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
মাদকের ভয়াবহতা থেকে সন্তানদের রক্ষায় সরকারে অনুরোধে সাড়া দিয়ে দেশবাসী মাদক বিক্রেতাদের ধরিয়ে দিচ্ছে। আমি সমালোচনাকারীদের অনুরোধ করবো বিরোধীতা না করে সরকারের পাশে থাকুন।
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি মো. আকতার-উজ-জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আইনজীবী এম. আমীর-উল ইসলাম, আয়োজক সংগঠনের মহাসচিব মো. রবিউলসহ সমিতির নেতৃবৃন্দ।








