সঞ্জয় দত্তের নতুন মিশন মাদকসেবীদের নিয়ে। সর্বনাশা মাদকের ছোবলে আক্রান্তদের আলোর পথ দেখাতে চান সঞ্জয়। না কোনো সিনেমার গল্প নয়, বাস্তবেই পুরো দেশ জুড়ে মাদক পুর্নবাসন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এই বলিউড তারকা। এ নিয়ে সরকারের সাথে নাকি কথাও হয়েছে তার। এখন কেবল অনুমতি পাওয়ার অপেক্ষায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। মাদকসেবীদের কষ্টের কথা মুন্না ভাইয়ের চেয়ে আর কে-ই বা ভালো বুঝবেন! নিজেও দীর্ঘদিন ছিলেন মাদকের সঙ্গে। তাই তিনি জানেন, এ সময় সাহস নিয়ে পাশে দাঁড়ানোর মতো তেমন কেউ থাকে না। পরিবারের সদস্যরাও দূরে সরে যায়।
এ কারণেই মাদকসেবীদের আলোর পথ দেখাতে চান সঞ্জয় দত্ত। এ সময় তাদের দরকার হয় পরামর্শ। আর সেই সুযোগ বিনামূল্যে করে দিতে চান তিনি। কেবল সিনেমার নায়ক নয়, বাস্তব জীবনেও নায়ক হয়ে মানুষের জীবন পাল্টাতে চান।
দীর্ঘদিন কারাভোগের পর গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পান সঞ্জয়। ছবিতে কাজও শুরু করেছেন। এরই মাঝে আবার মামলা মোকদ্দমা। তবে সব ছেড়ে এখন সঞ্জয়ের সামনে মাদক নিরাময় প্রকল্প। টাইমস অব ইন্ডিয়া।







