প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে মাথা নীচু করে নয় মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ। জাতীয় সংসদে তিনি অভিযোগ করেন, পদ্মা সেতু দুর্নীতির মতো বাংলাদেশে আইএস এরও ধুয়া তোলার চেষ্টা করা হচ্ছে। কোনো জঙ্গি বা আইএস যাতে বাংলাদেশে স্থান না পায় সেজন্য দেশবাসীর সহযোগিতা চান তিনি।
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শেষ দিন পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্যারিসে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ এখন বিদেশীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ। নিরাপত্তা এবং আইএস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় ফাঁসির প্রসঙ্গও আসে প্রধানমন্ত্রীর ভাষণে। দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে ও কর্মসংস্থান বাড়াতে সারা দেশে শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে শিল্প বিকাশ সহজ করার জন্য বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চল সংশোধন বিল ২০১৫ পাস হয় জাতীয় সংসদে।






