চট্টগ্রাম থেকে: বিপিএলে গত আসর থেকে টিভি সম্প্রচারে ব্যবহার হচ্ছে ড্রোন। এবারও ক্রিকেট মাঠে ড্রোন ওড়াতে বাংলাদেশে এসেছেন কানাডার নাগরিক ক্রিস ফিকরেট। ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে আসতেই ঘটে গেল বিপত্তি। ছোট্ট বিমানের এই পাইলট হারিয়ে ফেলেছেন প্রিয় উড়োযানটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস ম্যাচে আকাশে ওড়া অবস্থায় হারায় রিমোট-চালিত ড্রোনটি। যার ভেতরে লাগানো আছে দামি ক্যামেরা।
ড্রোন হারালেও খেলার টেলিভিশন সম্প্রচারে কোনো প্রভাব পড়েনি। ফিকরেট এবার কানাডা থেকে সঙ্গে নিয়ে এসেছেন দুটি ড্রোন। যার একটি উড়িয়েই আকাশ থেকে ধারণ করছেন ম্যাচের দৃশ্য। স্বয়ংক্রিয়ভাবে তা পৌঁছে যাচ্ছে টেলিভিশন দর্শকদের কাছে।
গত বিপিএলে ফিকরেট একটি ড্রোন নিয়ে এসেছিলেন। আকারে ছিল একটু বড়। সেটি তিনি ওড়াতেন স্টেডিয়ামের ছাদে বসে। এবার তার জায়গা হয়েছে মাঠের বাউন্ডারি সীমানার পাশে। খেলোয়াড়দের খুব কাছে থেকেই চালান ছোট্ট ড্রোনটি।
দিনে অতটা দৃশ্যমান না হলেও রাতে লাল আলোয় দৃশ্যমান হয় সেটি। ফিকরেটের একেকটি ড্রোনের মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা।






