রাশিয়া বিশ্বকাপের ফাইনাল চলাকালীন মাঠে ঢুকে পড়া চার স্বঘোষিত প্রতিবাদকারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে মস্কোর আদালত।
ওই চার ব্যক্তি দেশটির ব্যান্ডসংগীত দল পুষি রায়টের সদস্য। রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে নানাভাবে আন্দোলন করে আসছেন। চার বছর আগেও তারা জেল খাটেন।

বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ম্যাচের ৪৯তম মিনিটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আচমকা মাঠে ঢুকে পড়েন তারা। খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়।
ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করে পুষি রায়ট। তারা জানায়, রাশিয়ায় পুতিন সরকারের মানবাধিকার লঙ্ঘন, বে-আইনিভাবে লোকজনকে গ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাব দিতেই তাদের সদস্যরা এই কাজ করেছেন।

২০১২ সালে পুষি রায়ট রাশিয়ায় পরিচিত পায়। সেবার তারা পুতিন বিরোধী গান গেয়ে মস্কোতে সাড়া ফেলে দেন।







