চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকায় মাজারে ঢুকে দু’জনকে জবাই করে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতের নাম আব্দুল মান্নান প্রকাশ মনা(৩২)।
রহমত উল্লাহ (নেংটা ফকির) ও প্রধান খাদেম আবদুল কাদেরকে শুক্রবার দুপুর ২টার দিকে জবাই করে হত্যা করা হয়। পুলিশ জানায়, কথিত নেংটা ফকিরের মাজারে ঢুকে রহমত উল্লাহকে জবাই করে কয়েকজন যুবক। শুক্রবার বাংলাবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, মাজারের জায়গা জমি অথবা আস্তনার টাকা পয়সা নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ দাশ বলেন, আমরা ধারনা করছি পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এর আগে কয়েক জন যুবক ওই মাজারে ঢুকে ফকিরকে জবাই করে হত্যার সময় তাদের দেখে ফেলায় খাদেম কাদেরকেও হত্যা করে। সে সময় আবদুল কাদেরের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে হত্যাকারীদের ধাওয়া করে। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আহত হয় আরও তিনজন।







