মাগুরা ও কুড়িগ্রামে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছে।
মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সোমবার সকালে কুদ্দুস (৬০) ও ইব্রাহিম (৩৫) নামে দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়।
মাগুরা থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহমুখী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে ওই দুই সাইকেল আরোহীকে চাপা দেয়। আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় তারা মারা যান।
নিহত কুদ্দুসের বাড়ি পারনান্দুয়ালী গ্রামে। তিনি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানদার ও ইব্রাহিম
পল্লী বিদ্যুৎ অফিসের ম্যাসেঞ্জার। পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যায়।
অন্যদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় মোটর শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সকালে ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী একটি ট্রাক জয়মনিরহাট বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী জয়মনির হাট ইউনিয়ন পরিষদ সদস্য ও মোটর শ্রমিক নেতা সুরুজ্জামান সুজাকে (৪২) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।








