গত বছরের জানুয়ারির কথা। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ। আগের দিনই জয়ের সম্ভাবনা জাগায় ক্রিকেটপাগল জাতি বাংলাদেশের এই পারফরম্যান্স দেখার জন্য অগণিত চোখ ভোর থেকেই তাকিয়ে ছিল টিভি সেটের সামনে। প্রত্যুষেও সরব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার। সবাই জাগলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোশ্যাল ইউনিট এদিন ছিল গভীর ঘুমে মগ্ন। এবার বছরের শেষভাগে এলো সাদা বল আর রঙিন পোশাকের ক্রিকেটে এলো ঐতিহাসিক জয়। বিসিবির ফেসবুক পেজ ছিল সরব।
ভোর রাতে খেলা হলেও আপডেট প্রচার করে গেছে। ঐতিহাসিক জয়ের সময় সরব ভূমিকায় ছিল বোর্ডের ফেসবুক পেজ ও অন্যান্য মাধ্যম। তাৎক্ষনিকভাবে আপডেট দিতে পেরেছেন তারা। জয়ের পর অভিনন্দন বার্তায় পুরো দলের একটি ছবি অ্যাড করা হয়েছে।
বিস্ময় উপহার দিয়ে সকাল সকালই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। অনেক টাইগার সমর্থক ঘুম থেকে ওঠার আগেই বাংলাদেশের ভাগ্যে লেখা হয়ে গেছে বিস্ময় জাগানিয়া জয়। তৃতীয় ওয়ানডেতে কিউইদেরকে ৯৮ রানে অলআউট করার পর ১ উইকেট হারিয়ে ১৫.২ ওভারেই সেই রান তাড়া করে বাংলাদেশ। পায় ৯ উইকেটের বিরাট জয়।
দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে টানা ১৭ ওয়ানডে জয়ের পর হার দেখল নিউজিল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই তারা ছুঁয়ে ফেলত অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড।









