বুধবার থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। এটি হতে যাচ্ছে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ারে ৫০তম টেস্ট। দারুণ একটা মাইলফলকই ছুঁতে যাচ্ছেন তামিলনাড়ু স্পিনার।
এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে অশ্বিন বলেন, ‘যে সুযোগ আমি পেয়েছি, তাতে কৃতজ্ঞ বোধ করছি। প্রতিটা টেস্ট ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে পড়ছে গতবারের শ্রীলঙ্কা সফরের কথা। খুব ভাল পারফর্ম করেছিলাম। স্বপ্ন সফল হয়েছিল।’
২০১৫তে গল টেস্টে দুই ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। সে কথা স্মরণ করে বলেছেন, ‘সেই ভাল স্মৃতিগুলো ফিরে আসছে আবার।’
গতবারের শ্রীলঙ্কা সফরের দল নিয়ে কিছু অভিজ্ঞতাও তুলে ধরেছেন অশ্বিন। কথা বলেছেন ভারতের কোচ নির্বাচন নিয়েও।
দলের কোচ নির্বাচন নিয়ে আগে বলেছিলেন, এ সম্পর্কে তার কিছু বলার নেই। তবে এবার সেই অশ্বিনই ভূয়সী প্রশংসা করেছেন কোচ রবি শাস্ত্রীর। নতুন কোচকে ‘দুর্দান্ত মানুষ’ বলে উল্লেখ করেন অশ্বিন।







