হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় মাইক্রোবাসের দরজা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ প্রিভেন্টিভ টিম।
এসময় গাড়িটির চালক বিল্লাল হোসেনকেও আটক করা হয়। আটক বিল্লাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চালক (এমটি অপারেটর)।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সাড়ে তিন কোটি টাকার ৬০ টি স্বর্ণবার যার ওজন প্রায় সাত কেজি।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গার গেইট এলাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৩০৬৪) বের হওয়ার সময় গাড়িটি তল্লাশি করা হয়। পরে ওই গাড়ির দরজায় অভিনব কায়দায় লুকানো ৬০ টি স্বর্ণবার জব্দ করা হয়।
তিনি জানান, মাইক্রোবাসের চালক আটক মো. বিল্লাল হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চালক (এমটি অপারেটর)।
আটক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।









