সংবাদ সম্মেলনে জিদান এই কৌশলটা নিবেন তা জানাই ছিল। আসলেন। বসলেন। আর প্রতিপক্ষের গুণগান করলেন। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল বলে কথা। এমন ম্যাচের আগে জিদান মাঠের বাইরে ডিফেন্স করাই শুরু করলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনেও অনেকটা একই পথে হেঁটেছেন।
মঙ্গলবার রাতে সেমির প্রথম লেগে ঘরের মাঠ বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। ফিরতি লেগ ১০মে।
এই নিয়ে টানা চার বছর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে স্পেনের দুই নগর প্রতিদ্বন্ধী। যার তিনটিতেই জিতেছে রিয়াল। এর মধ্যে ২০১৪ এবং ২০১৬ সালের ফাইনাল রয়েছে। আরেকটি কোয়ার্টার ফাইনাল।
‘আমরা ফেভারিট নই। নকআউট ম্যাচ সবসময় ফিফটি-ফিফটি,’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন জিদান।
‘একে অপরকে আমরা খুব ভালোভাবে চিনি। আমি যখন খেলতাম তখন থেকে লড়াই বেশি পরিবর্তন হয়নি,’ মন্তব্য করে জিদান বলেন, ‘ম্যাচের দিন সবকিছু আমাদের ভালো করতে হবে। প্রমাণ করতে হবে আমরা যথেষ্ট ভালো।’
‘অ্যাটলেটিকো মাদ্রিদ গত চার-পাঁচ বছর ধরে ভালো করছে। প্রত্যেক বছরই তারা উন্নতি করছে। কঠিন প্রতিপক্ষ হিসেবেই তাদের আমরা পেয়েছি,’ জিদান থামেন না। প্রতিপক্ষকে নিয়ে বন্দনা করতেই থাকেন, ‘অ্যাটলেটিকো কখনো ছাড় দেয় না। যুদ্ধ চালিয়ে যায়। তাদের শক্তি সম্পর্কে তারা ওয়াকিবহাল।’
ভেতরে নিজেদের পরিকল্পনা সম্পর্কেও বলে যান রিয়ালের কোচ, ‘আমরাও অনেক শক্তি পেয়েছি। নিজেদের গেমপ্লানেই ফোকাস রাখতে চাই।’
‘আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের শক্তি, দুর্বলতাও জানা। তারাও আমাদের জানে। আমরা কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে পারি না। সামনের দিকে তাকিয়ে আছি।’
শোনা যাচ্ছে ইনজুরিতে আক্রান্ত গ্যারেথ বেলের জায়গায় ইসকো অথবা রদ্রিগেজকে খেলানো হবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে জিদান এড়িয়ে যান। নিশ্চয়ই কৌশলের অংশ!
অ্যাটলেটিকো ডিফেন্স নিয়ে চিন্তিত থাকবে। গিমিনেজ এবং জুয়ানফ্রান ছিটকে যেতে পারেন।
রাইটব্যাকে কাউকে না পাওয়ায় স্টিফ্যান স্যাভিককে খেলাতে পারেন সিমিওনে। সেই সঙ্গে মাঝমাঠে তরুণ তুর্কি লুকাস হার্নান্দেজকেও রাখতে পারেন।
‘আমি এমন একটা ম্যাচ দেখছি যেখানে তারা শক্তভাবে শুরু করবে। প্রথম মিনিট থেকেই তারা আমাদের আঘাত করতে চাইবে।’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এভাবে বলেন সিমিওনে।
‘দুটো বড় দল মঙ্গলবার একে অপরের সঙ্গে খেলবে। আমরা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানেই ম্যাচ ধরতে হবে। প্রত্যেকটা দর্শকের হৃদয়ের সঙ্গে আমরা একটা দল হয়ে লড়বো।’ ঘোষণাটাও দিয়ে রাখলেন অ্যাটলেটিকো বস।










