বিশ্ব প্রতিবন্ধী দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে উপহার হিসেবে ২১টি স্পোর্টস হুইলচেয়ার পেয়েছে মুহাম্মদ মহসিনের দল। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’র (সিআরআই) আহবানে সাড়া দিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফিজিক্যাল ডিসঅ্যাবল ক্রিকেট দলের খেলোয়াড়দের হুইলচেয়ার বুঝিয়ে দেন।
অধিনায়ক মহসিন বলেন, ‘সাধারণ হুইলচেয়ার দিয়েই আমরা ক্রিকেট খেলে এসেছি। সমস্যা হতো রানিং বিটুইন দ্য উইকেটে। হুইলচেয়ারের গতি মন্থর হওয়ায় ১ রানের বেশি নেয়া কষ্টকর হতো। স্পোর্টস হুইলচেয়ার খুবই দ্রুতগতির, এখন ১ রানকে আমরা ডাবল বানাতে পারব। বিসিবি ও সিআরআই’কে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ উন্নতমানের হুইলচেয়ার দেয়ার জন্য।’ নতুন হুইলচেয়ার নিয়ে ১৬ ডিসেম্বর একটি টুর্নামেন্টে অংশ নিতে ভারত যাচ্ছে মহসিনের দল।







