ইসলামিক স্টেট (আইএস) এর কাছ থেকে মসুল বিমানবন্দর পুনর্দখল করেছে ইরাকি সেনাবাহিনী। প্রায় চার ঘন্টা লড়াইয়ের পর এটি দখলে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ।
ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানবন্দর পুনরায় দখল নেওয়ায় ইরাকি বাহিনীকে মসুলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে।
ইরাকি সেনাবাহিনী বিমানবন্দরটি দখল নেওয়ার পরও সংঘর্ষ থামেনি। শহরের ভেতর থেকে মর্টার হামলা চালায় আইএস সদস্যরা। তারা আল-ঘাজলানি সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকাতেও হামলা চালিয়েছে। সেখানে আইএসের জঙ্গিদের সঙ্গে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক ইরাকি লেফটেন্যান্টের মৃত্যু হয়।
উল্লেখ্য ২০১৪ সাল থেকে মসুলের দক্ষিণাঞ্চলীয় বিমান বন্দরটি দখল করে রেখেছিল আইএস জঙ্গিরা।








