ওয়ানডের পর এবার টি-২০তে ব্যাট হাতে সাউথ আফ্রিকাকে জেতালেন ক্রিস মরিস। তার ৭ বলের নায়কোচিত ১৭ রানে ভর করে প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৪ রান করে ইংল্যান্ড। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষ বলে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।
অপেক্ষাকৃত সহজ টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ২৫, জেপি ডুমিনির ২৩ আর হাশিম আমলার ২২ রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস এক সময়ে ৩ উইকেটে ৯৮ রান তুলে বড় জয়ের সামনে ছিল সাউথ আফ্রিকা।
কিন্তু আচমকা রাইলি রুশো, ডেভিড মিলার ও ডেভিড ভিসের বিদায়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে মরিসের বীরত্বে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
জয়ের জন্য শেষ ওভারে সাউথ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। রিস টপলির প্রথম বলে এক রান নিয়ে কাইল অ্যাবট স্ট্রাইক দেন ক্রিস মরিসকে। পরের দুই বলে চার ও ছক্কায় ৩ বলে প্রয়োজনটা ৪ রানে নামিয়ে আনেন মরিস। পরের বলে কোনো রান নিতে পারেননি। কিন্তু শেষ দুই বলে দুটি দুই রান নিয়ে দলকে দারুণ জয় এনে দেন মরিস। ৭ বলে করেন ১৭ রান।
২৩ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ক্রিস জর্ডান। এর আগে জেসন রয়ের (১৫) সঙ্গে আলেক্স হেলসের ৩৮ রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। কিন্তু লেগ স্পিনার তাহিরের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে হেলস (২৭), বেন স্টোকস, মর্গ্যান ও মঈন আলি দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় অতিথিরা।
৮১ রানে ছয় উইকেট হারানো ইংল্যান্ড লড়াইয়ের পুঁজি পায় জস বাটলারের অপরাজিত ৩২ রানের কারণে।
২১ রানে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ইমরান তাহির। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার জোহানেসবার্গে।







