প্রবল ঝড়বৃষ্টির কারণে ভারতের রাজস্থানে একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো প্রায় ৫০ জন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।
রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রাজস্থানের বারমেরের এক মন্দিরে জমায়েত হয়েছিল বহু মানুষ। সেখানে তারা তাবুর নিচে অবস্থান নেয়। প্রবল ঝড়বৃষ্টির কারণে তাবু ভেঙে এ হতাহতের ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী জয়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে।
ঘটনার সময় মন্দিরে রামকথা পড়ছিলেন ধর্মীয় পুরোহিত। হঠাৎ ঝড় শুরু হওয়ায় পুরোহিত মাঝপথেই রামকথা পড়া বন্ধ করে দিয়ে সবাইকে নিরাপদে সরে যেতে বলেন।
ঘটনা নিয়ে টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “রাজস্থানের বারমেরে প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। স্বজন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’’










