ভারতের একটি মন্দির থেকে অলংকার চুরি করে পালানোর সময় এক চোর সেই মন্দিরের দেয়ালের গর্তে আটকে হাতেনাতে ধরা পড়েছে।
বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জামি ইল্লামা মন্দিরে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের সূত্রে জানায় এনডিটিভি।
শ্রীকাকুলাম জেলার কাঞ্চিলি থানার সীমানায় অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
কাঞ্চিলি থানার পুলিশ কর্মকর্তা চিরঞ্জীব বলেন, ‘পাপা রাও নামে একজন চোর মন্দির থেকে চুরি শেণে পালাতে গিয়ে নিজের করা গর্তে আটকে যায়। এরপর তাকে হাতেনাতে ধরা হয়।’
মন্দিরের পুরোহিত ইয়েল্লামা বলেন, গর্তে আটকা পড়ে চোরকে দেবির নাকের আংটি ও অন্যান্য রূপার গহনা গর্ত থেকে ফেলে দিতে দেখা গেছে।
‘‘এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। চোরটি একটি গর্ত দিয়ে ঢুকেছিল। সে ভিতরে এসেছিল কিন্তু বাইরে যেতে পারেনি, তাকে দেবির নাকের আংটি এবং অন্যান্য রূপার অলংকার বাইরে ফেলে দিতে দেখা যায়।’’









